ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে হাসিনা বানু (৫৪) নামের এক নারীকে মধ্যযুগীয় কাযদায় নির্যাতনের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল সহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
গতকাল শনিবার নির্যাতনের শিকার গৃহবধু হাসিনা বানু নিজেই বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিএনপি নেতা আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেওয়ার জেরে হাসিনা বানু নামে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই নারীর পরিবারের দাবি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের নির্দেশে তাঁর সমর্থকরা শুক্রবার সকালে মহিষবাথান সরদারপাড়ায় তার বসত বাড়িতে এ ঘটনা ঘটায়। হাসিনা বানু ওই গ্রামের আহাদ আলী ওরফে বাবর আলীর স্ত্রী।
সূত্রে জানা যায়, ভূমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিএনপি নেতা আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে গাহলীর মোড়ে মানববন্ধন করে। ওই মানববন্ধনে ভুক্তভোগী হাসিনা বানু আব্দুল মতিন মতিন মন্ডলের বিভিন্ন অপকর্ম তুলে ধরে বক্তব্য দেন। এরই জের ধরে শুক্রবার সকালে আব্দুল মতিনের আত্মীয়-স্বজন ও সমর্থকরা হাসিনা বানুর বাড়িতে গিয়ে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। ভুক্তভোগী পরিবারের দাবি, তাঁকে একটি ডাব গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে হাসিনা বানুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। হাসিনা বানু জানান, মানববন্ধনে আব্দুল মতিনের বিভিন্ন অপকর্ম তুলে ধরে বক্তব্য দেয়ার কারণে মতিন মন্ডলের আত্মীয়-স্বজন ও সমর্থকদের মধ্যে জুয়েল, টিপু, রমজান, আঞ্জুমান, শাহনাজ, মোনেক্কাসহ আরো কয়েকজন তাকে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এক পর্যায়ে তার সারা শরীরে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে নির্যাতন করা হয়। অভিযোগের বিষয়ে জানতে আব্দুল মতিন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, দলের একটি অংশের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করতে একটি গ্রুপ হাসিনাকে ব্যবহার করে এ নির্যাতন নাটক সাজিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করছেন।
এ ঘটনার সাথে কোন ভাবেই তার কোন সংশ্লিষ্টতা নেই বলেও তিনি দাবী করেন। মহাদেবপুর থানার (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল সহ ৬ জনকে আসামী করে শনিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ সংবাদ লেখার সময় শনিবার দুপুর পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি তবে আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।



