ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।
সভায় ডা. মুহাম্মদ হাসানুল জাহিদ জানান, ‘ভিটামিন-এ খাওয়ান, মৃত্যুর ঝুঁকি কমান’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার গোদাগাড়ী উপজেলায় মোট ৪৮ হাজার ২৮৫ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৭৬০ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪২ হাজার ৫২৫ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফল করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি ২১৬টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। ডা. হাসানুল জাহিদ উপস্থিত স্বাস্থ্যকর্মীদের প্রতিটি শিশুর কাছে পৌঁছে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর নির্দেশনা দেন এবং সরকারি এই উদ্যোগ থেকে কোনো শিশু যেন বাদ না পড়ে, সেজন্য সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে, একই উপলক্ষে সকালে গোদাগাড়ী পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে অপর একটি অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার সচিব সারোয়ার জাহান মুকুলের সভাপতিত্বে এতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।
পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সেমাজুল ইসলামের পরিচালনায় ওই সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


