ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যান নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিরপুর উপজেলার ডাকাতিপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ভ্যানচালক ওসমান (৩৩) দৌলতপুর উপজেলার পচাভিটি গ্রামের কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে ভাড়া শেষে নিজ বাড়িতে ফিরছিলেন ওসমান। পথে মিরপুর উপজেলার ডাকাতিপুকুর এলাকায় পৌঁছালে তিন-চারজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে। পরে পাশের একটি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে তাঁর কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যান নিয়ে যায়। ওসমানের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালককে উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’



