ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ: শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে নওগাঁ শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত নওগাঁ জেলা শিক্ষা অফিসের সামনে মুক্তির মোড়ে ‘সকল কলেজের সচেতন শিক্ষার্থীদের’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নওগাঁ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রাফিউল বারী রাজন, সাদিয়া রহমান, নাঈম আহমেদ, জিয়াদ হোসেন, সামিউর আহমেদ রহিম, মহাসিনা ফারহানা ও বিপ্লব মণ্ডল প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং সাম্প্রতিক এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, কুমিল্লার বন্যা কবলিত এলাকার অনেক পরীক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ পরিস্থিতিতে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে তাঁরা দাবি করেন।
এ সময় বক্তারা ‘এক দফা, এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ স্লোগান তুলে ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। সমাবেশে ‘জাস্টিস ইজ জাস্টিস’, ‘আপস না, সংগ্রাম’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
এ সময় তারা ঘোষণা দেন, আগামী ১৮ জুলাই শিক্ষামন্ত্রীর নওগাঁ সফর অনুষ্ঠিত হলে তারা এর প্রতিবাদে কর্মসূচি পালন করবেন।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিক্ষা অফিসের সামনে এসে শেষ হয়।



