ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে বিলকিস বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে।
রোববার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত বিলকিস বেগম একই গ্রামের বাসিন্দা ও সাজ্জাদের স্ত্রী। অভিযোগ রয়েছে, একই গ্রামের সালাম (৬০) এবং তার ছেলে আলমগীর (২৮) ও জাহাঙ্গীর (৩০) হাসুয়া ও লাঠি দিয়ে তার ওপর হামলা চালান।
আহত পরিবারের দাবি, প্রায় ৫ শতাংশ পানবরজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিলকিস বেগম পানবরজে কর্মরত শ্রমিকদের জন্য দুপুরের খাবার নিয়ে গেলে ওই বিরোধকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হাসুয়া দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা তার মাথায় চারটি সেলাই দিয়েছেন বলে পরিবার জানিয়েছে।
আহত বিলকিস বেগম বলেন, “আমি শ্রমিকদের খাবার দিতে পানবরজে গিয়েছিলাম। পূর্ব শত্রুতার জেরে তারা আমার ওপর হামলা চালিয়ে মাথায় আঘাত করে।”
আহতের ভাই লালচাঁন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বোন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। অভিযুক্তরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”
আহতের ছেলে সাগর বলেন, “আমার মাকে নির্মমভাবে মারধর করে গুরুতর জখম করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন বলেন, “বিলকিস বেগম নামে এক নারী মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ঘটনাটি আমার জানা নেই তবে এ ঘটনায় অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহতের পরিবার।#


