ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় হঠাৎ তেলের সংকট দেখা দিয়েছে এমন গুজব ছড়িয়ে বিভিন্ন তেল বিক্রয়কেন্দ্র ও পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা ধরনের পোস্ট ও মন্তব্য ছড়িয়ে পড়ে।
বিষয়টি নজরে আসার পর দুর্গাপুর উপজেলা প্রশাসন জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে জরুরি সতর্কবার্তা প্রকাশ করে। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ‘ইউএনও দুর্গাপুর’ নামের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, “গুজবে কান দেবেন না। গুজবে বিভ্রান্ত হবেন না। দেশ ও মানুষের স্বার্থে সবাই সহযোগিতা করুন। সঠিক তথ্যের জন্য দুর্গাপুর উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ অনুসরণ করুন।”
উপজেলা প্রশাসন জানায়, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও সম্ভাব্য তেল সংকট নিয়ে আতঙ্কের জেরে কিছু মানুষ অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন। তবে উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কৃত্রিম সংকটের কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে তেলের বিক্রয় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কি না এবং কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুদদারির চেষ্টা করছে কি না, তা যাচাই করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পেট্রোল পাম্প ও তেল বিক্রয়কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়।
দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়া নূর তানজু বলেন, “বিভিন্ন স্থানে তেলের বিক্রয় স্বাভাবিক রয়েছে কি না, তা যাচাই করতে অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যক্তি বা প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি অথবা মজুদদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এছাড়া বুধবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে গুজবে কান না দিয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।



