ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে নওগাঁর বদলগাছী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, শিক্ষাবৃত্তির অর্থ ও উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে কাজ করছে। বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, দক্ষতা ও জীবনমান উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে যে উন্নয়ন ও কল্যাণমূলক অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে দল আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের ৩৮জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ২৫ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন এবং ২৫৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়। শিক্ষাবৃত্তির আওতায় প্রাথমিক স্তরের ১২৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩ হাজার টাকা, মাধ্যমিক স্তরের ৭৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের ৫১ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৭ হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর শিক্ষা বিস্তার, দক্ষতা ও জীবনমান উন্নয়নে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে এবং তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।



