ধূমকেতু প্রতিবেদক,বাঘা : বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৫ জুলাই) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
এ বিষয়ে জানতে বাঘা পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ জানা যায়, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এ ‘তথ্য সংগ্রহকারী’ ও ‘সুপারভাইজার’ পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে সার্ভার সমস্যার কারণে অনেক প্রার্থী অ্যাপ ডাউনলোড করতে পারেননি। এছাড়া তথ্য সংগ্রহকারীদের মৌখিক পরীক্ষার আগেই সুপারভাইজার পদে ফল প্রকাশ করায় প্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
নিয়োগের জন্য ৮৯ জনের বিপরীতে মোট ৬২৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে তথ্য সংগ্রহকারী পদে ৫৩০টি ও সুপারভাইজার পদে ৯৩টি আবেদন জমা পড়ে। নিয়োগ দেওয়া হবে তথ্য সংগ্রহকারী ৮২ জন ও সুপারভাইজার ৭ জন।
১০ টাকায় বিক্রি হয়েছে সরকারি ফরম
উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, যোগ্য প্রার্থীরা ২৪ জুলাই পর্যন্ত বিনামূল্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। কিন্তু ২৩ জুলাই সারাদিন কার্যালয় থেকে কোনো আবেদনপত্র সরবরাহ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
ফলে বাধ্য হয়ে চাকরিপ্রত্যাশীরা উপজেলার বিভিন্ন ব্যবসায়িক কম্পিউটার দোকান থেকে ১০ টাকা দিয়ে আবেদনপত্রের ফটোকপি সংগ্রহ করেছেন। এক পাতার ফরম ১০ টাকায় বিক্রি হওয়ায় কম্পিউটার দোকান মালিকদের ব্যবসা ভালো হয়েছে। সরকারি নিয়োগ প্রক্রিয়ায় আবেদন ফরম বাবদ টাকা আদায়ের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভুক্তভোগী একাধিক প্রার্থী বলেন, “বিজ্ঞপ্তিতে বলা আছে অফিস থেকে ফরম নিতে। সারাদিন অফিসে ঘুরেছি। ফরম দেয়নি। পরে বাধ্য হয়ে দোকান থেকে ১০ টাকা দিয়ে কিনে আনতে হয়েছে।”
কর্তৃপক্ষের বক্তব্য এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা জানান, “অফিস থেকেও ফরম সরবরাহ করা হয়েছে।”
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, “সরকারি সিদ্ধান্তে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের আবেদনের সময় ২৮ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তিনি চিঠি পেয়েছেন।”
বিএনপি নেতাদের বিক্ষোভ সমাবেশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এডিসি স্যার এসেছেন। পরে কথা বলছি।”
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।



