ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ হাজার ২০০ মিটার অবৈধ রিং জাল (চায়না দুয়ারী জাল) জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত রিং জালের মূল্য প্রায় ১ লাখ টাকা। সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ এর নেতৃত্বে সোমবার দুপুরে উপজেলার ভীমপুর বিলে অভিযান এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায় তার সাথে ছিলেন। সূত্র জানায়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে পরিচালিত এ অভিযানে বিলে ব্যবহৃত নিষিদ্ধ রিং জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ জানান, অবৈধ রিং জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করায় দেশীয় মাছের উৎপাদন ও প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ ধরণের অবৈধ জাল ব্যবহার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ সময় জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।#


