ধূমকেতু নিউজ ডেস্ক : সিরাজগঞ্জে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে এ ঘটনা ঘটে
বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, আজ বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে দ্রুত ট্রেনটির গতি নিয়ন্ত্রণে আনা হয় এবং সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।


