ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী: নওগাঁর বদলগাছীতে ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৮,নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, সমাজের সব ধরনের অন্যায়-অবিচার রোধ করা গেলে জুলাইয়ের আত্মত্যাগ সার্থক হবে।
তিনি আরো বলেন, দেশের স্বার্থে জুলাইয়ের আন্দোলনে সাধারন মানুষ ছাত্র-ছাত্রিরা অংশ নিয়েছিল এবং এর মাধ্যমে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে। আওয়ামী লীগের আমলে সংঘটিত অন্যায়, অবিচার, চুরি ও লুণ্ঠনের সঙ্গে জড়িতদের বিচার হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি আরো একটি কথা বলেন, আওয়ামী লীগের সঙ্গে আপস করার জন্য তারা ১৭ বছর রাজনীতি করেননি।
বক্তব্যের শুরুতে তিনি জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। বক্তব্য দেন জুলাই যোদ্ধা আতিক হোসেন শুভ, আহসানুল হক মোস্তাকিম ও জাকির হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, উপজেলা স্বস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কানিস ফারহানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডোসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক বৃন্দ, সুধীজন ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহাম্মেদ। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি সমাপনি বক্তব্য শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।


