ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম,
বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূচনা মনোহারা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোকলেসুর রহমান, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদ, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার ভুট্টু, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন আলাল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নেফাউর রহমান সুমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ ও শহিদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মের কাছে ইতিহাস সংরক্ষণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।


