ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হট্টগোলের মধ্য দিয়ে জুলাই গনঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ছাত্রদল- শিবির উত্তেজনার কারণে হট্রগোলের সৃষ্টি হয়। পরে সেখানে উপস্থিত বিএনপি -জামায়াত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আলোচনা সভায় এক শিবির নেতা তার বক্তব্যে মঙ্গলবার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিবির-ছাত্রদলের সংঘর্ষের ঘটনা তুলে ধরতে চেষ্টা করলে সভায় উপস্থিত ছাত্রদল নেতা-কর্মীরা প্রতিবাদ করে এতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।তবে বিএনপি -জামায়াতের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পরে ছাত্রদল-শিবির নেতাদের মধ্যে বিষয়টির মীমাংসা করে দেন দু’দলের নেতারা।
সভায় অসুস্থতার কারনে ইউএনও জাকির মুন্সি উপস্থিত না থাকায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবদুল হামিদ। বক্তব্য রাখেন ওসি নুরে আলম,বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, তারিক আহমেদ, এনায়েত করিম তোকি,আশরাফুল ইসলাম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, শিবির নেতা আব্দুল্লাহ, ছাত্রদল নেতা আলমগীর হোসেন,এনসিপি নেতা রাসেল আলীসহ অন্যরা। এরআগে বুধবার সকালে জেলার একমাত্র শহীদ জুলাই যোদ্ধা তারেক হাসানের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ মুছা জঙ্গী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, ওসি নুরে আলম, শহীদ তারেকের পিতা আসাদুল ইসলামসহঅন্যরা।


