ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কের বেশ কয়েকটি জায়গায় ধসে গেছে।
বিশেষ করে তজিবরের বাড়ির সামনে ও নুরনবী কবিরাজের মাদ্রাসা সংলগ্নে ভয়াবহ আকার ধারণ করেছে।বন্ধ হয়ে গেছে সব ধরনের যানচলাচল। এখনি প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে পায়ে হাঁটাও বন্ধ হয়ে যেতে পারে।
২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সকালে, সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কটির বেশ কয়েক যায়গায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙ্গে পুকুরে চলে গেছে।
এলাকাবাসী জানান, প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এ সড়কে যাতায়াত করতো। আশপাশের ৪/৫ গ্রামের মানুষ এ সড়কটি ব্যবহার করে তাদের কৃষিপণ্য এই গ্রামপাঙ্গাসী বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
কিন্তু ইদানিং সড়কের বেশ কয়েক জায়গায় ভেঙ্গে পুকুরে চলে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্হবির হয়ে পড়েছে কৃষকদের জীবন যাত্রা। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কার্যকর উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও উদ্যোগ দেখা দিয়েছে।
এমতাবস্থায় উপজেলার গ্রামপাঙ্গাসী নিজামগাতী জনগুরুত্বপূর্ণ সড়কটি জনস্বার্থে অনতিবিলম্বে সড়কের গাইড ওয়াল সহ সড়কটি পাকা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অত্র এলাকাবাসী।



