ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩-১০-২০২৬) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগকালীন প্রস্তুতি বিষয়ে মহড়া ও নির্দেশনা প্রদান করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী -৬ (চারঘাট -বাঘা) আসনের সংসদ সদস্য. আবু সাইদ চাঁদ বলেন, “সরকার আগামীতে কী কাজ করবে সেই বিষয় ভাবতে হবে। প্রতিশোধ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্যোগ বিষয়ক চিন্তা-ভাবনা মাথায় রেখে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। দুর্যোগের কারণে দেশ ঘুরে দাঁড়াতে পারেনি। দেশের মানুষের জন্য চিন্তা করতে হবে। নিজের চিন্তা-ভাবনা বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ান। নদী ভাঙন থেকে রক্ষার জন্য কাজ করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার।
র্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।##



