ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী: নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ ভবনে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) জন্য বরাদ্দকৃত পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের দাপ্তরিক ও জনমুখী কাজের সুবিধার্থে এই বিশেষ কক্ষটি প্রস্তুত করা হয়।
আজ সোমবার দুপুর ১ টায় উপজেলা পরিষদের পুরাতন ভবনে ফিতা কেটে এই নতুন পরিদর্শন কক্ষটির শুভ উদ্বোধন করেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল ।
উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, “এই পরিদর্শন কক্ষটি স্থানীয় সাধারণ মানুষের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয় আরও জোরদার করবে। এখন থেকে এলাকার সর্বস্তরের জনগণ এখানে এসে সরাসরি তাঁদের বিভিন্ন সমস্যা ও এলাকার উন্নয়নের বিষয়ে আলোচনা করতে পারবেন।”
তিনি আরও উল্লেখ করে বলেন , এই কক্ষটি সরকারি কাজের গতিশীলতা বাড়াতে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সুধীজন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উপজেলা পরিষদে এমপির জন্য একটি নির্দিষ্ট বসার ও পরিদর্শনের জায়গা হওয়ায় সাধারণ মানুষদের জন্য তাঁদের দাবি-দাওয়া বা অভাব-অভিযোগ নিয়ে কথা বলা অনেক সহজ হবে।
অনুষ্ঠান শেষে দেশের সার্বিক সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


