ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার গোহালহাট গ্রামে স্বামী ও ছেলের বউয়ের বিরুদ্ধে বৃদ্ধা শাশুড়িকে অমানুষিক নির্যাতন ও মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার পেতে ভুক্তভোগী বৃদ্ধা শিলা বেগম নারী ও শিশুদের আইনি সহায়তা নিয়ে কাজ করা সংগঠন নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থায় লিখিত অভিযোগ করেছেন। পরে ওই সংস্থার নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা বৃদ্ধাকে সঙ্গে নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় ও পবা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী শিলা বেগম অভিযোগ করে জানান, তার স্বামী রাজ্জাক আলী ও ছেলের বউ রাখি বেগম তাকে বেশ কিছুদিন ধরেই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করছিলেন। মাঝে মধ্যেই অকথ্য ভাষায় গালিগালাজ দিতেন। চলতি মাসের ৪ নভেম্বর সকাল থেকেই দিনভর তার সাথে অকারণে তারা ঝগড়া করেন। এরপর রাতে হঠাৎ করেই তার স্বামী ও ছেলের বউ রাখি এবং সতীন মিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এ সময় তার ছেলে সেলিম রেজা বাড়িতে থাকলেও কোনো প্রতিবাদ করেননি। রাতে তিনি বাড়ির বাইরেই শুয়ে ছিলেন। তারপর থেকে তিনি অনেক অনুরোধ করেও বাড়িতে প্রবেশ করতে পারেননি। ওই বৃদ্ধা আরও অভিযোগ করেন, তার সতীন চাম্পা বেগমের প্ররোচনায় স্বামী ও ছেলের বউ মিলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তিনি এ ঘটনায় ন্যায্য বিচার দাবি করেন।
ভুক্তভোগী বৃদ্ধা শিল বেগম কান্নাজড়িত কণ্ঠে আরও অভিযোগ করেন, তিনি অত্যন্ত অসহায় এবং মানুষের বাড়িতে কাজ করে নিজের ভর পোষণ জোগাড় করেন। তার স্বামী বা সন্তান কেউ তাকে কোনো খরচ দেয় না। শুধু তিনি ওই বাড়িতে থাকেন। ঘটনার রাতে তিনি বাধ্য হয়ে গরুর গোয়ালে রাত্রিযাপন করেন। পরবর্তীতে দিনের বেলায় অভিযুক্তরা গোয়ালেও তালাবদ্ধ করে দেয়, যার ফলে বর্তমানে তিনি খোলা আকাশের নিচে অত্যন্ত মানবেতর ও অস্থায়ী জীবনযাপন করছেন।
নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা, রাজশাহীর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমরা দ্রুত সমাধান পেতে জেলা প্রশাসক মহোদয় ও পবা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। এই ঘটনা অত্যন্ত অমানবিক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ওই বৃদ্ধা মা ন্যায্য বিচার পাবেন বলে আশা করছি।
এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার মো: ইবনুল আবেদীন বলেন, লিখিত অভিযোগ দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



