ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নির্মাণাধীন ভবনের ১১ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে আবু হুরাইয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হুরাইয়া কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার কুশলিবাসা গ্রামের মো. হৃদয় ও মোসা. শিরিনার ছোট সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বড় বোন খাদিজা (৬) কিডনিজনিত সমস্যায় আক্রান্ত। গত ৪ নভেম্বর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অন্যদিকে, শিশুটির বাবা হৃদয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিলেন।
এদিকে পরিবারের ছোট সন্তান আবু হুরাইয়া হাসপাতালের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দায় ছিল। সেখানে নির্মাণকাজ চলাকালে কোনো এক সময় শিশুটি বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তার মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শামীম আহমেদ জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



