ধূমকেতু প্রতিবেদক : সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে রেখে এর পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। একই সঙ্গে সমাজে সৃষ্ট বিশৃঙ্খলা ও বিপথগামিতা থেকে শিশু-কিশোরদের রক্ষা করতে অভিভাবকদের নিজ নিজ সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি। শুক্রবার বিকেলে পবার আল-হেরা ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসার আবাসিক ভবনের বেজ ঢালাইয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে এমপি বলেন, “ আল্লাহর ঘরকে আমরা সবাই রাজনীতির ঊর্ধ্বে রাখব”। এখানে যেন কেউ কোনো ধরনের রাজনীতি করতে না পারে, তার ব্যবস্থা তারা সবাই করবেন। আমি করতে চাইলেও আমাকে আপনারা করতে দেবেন না, আর অন্য কেউ করতে চাইলেও তাকে দেবেন না। সবাই মিলে এর পবিত্রতা রক্ষা করব বলে উল্লেখ করেন তিনি।”
আশরাফুল মাখলুকাত হিসেবে ইসলামের ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরা সবার পবিত্র দায়িত্ব উল্লেখ করে তিনি আরো বলেন, এটি মহান আল্লাহ তা-আলার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা। প্রতিটি কাজের মধ্যেই ইবাদত রয়েছে এবং আল্লাহর হুকুম-আহকাম সবাইকে মেনে চলতে হবে। এ সময় সবার সম্মিলিত প্রচেষ্টা ও মহান আল্লাহ তা-আলার রহমতে মাদ্রাসার কাজগুলো সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিভাবকদের উদ্দেশে শফিকুল হক মিলন বলেন, নিজের সন্তানদের প্রতি একটু খেয়াল রাখবেন। এখন সমাজে খুব বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ছোট ছোট বাচ্চাদের লোভ-লালসা দেখিয়ে গাড়িতে আগুন দিতে ও মানুষের বাড়ি পোড়াতে বলা হচ্ছে। এভাবে তাদের বিপথগামী করা হচ্ছে। সবাই এসব বিষয়ে একটু খেয়াল রাখবেন।” পরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আবাসিক ভবনের বেজ ঢালাইয়ের উদ্বোধন শেষে মোনাজাত করেন সংসদ সদস্য।
আল-হেরা ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসার সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহিন রেজা শান্নান, মাদ্রাসার প্রধান শিক্ষক মোকাম্মেল হোসেন, যুবদলের সাবেক সদস্য রবিউল আউয়াল, ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল ও বিএনপি নেতা সজিবসহ মাদ্রসার শিক্ষকগণ।



