ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কারবালা পুকুর পাড়ে ভিমরুলের আক্রমণে সেরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দু’দিনের আক্রমণে একই ঘটনায় অন্তত ২৫ জনের বেশি পথচারি আহত হয়েছেন। যাদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল)বিকেলে এবং পরদিন সকালে উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কারবালা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেরাজুল ইসলাম উপজেলার সেলিমাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারবালা পুকুর পাড়ের রাস্তা দিয়ে সেরাজুল ইসলাম পাওয়ার টিলারযোগে বাড়ি ফিরছিলেন। একই সময় শিবগঞ্জ উপজেলা পরিষদের কর্মচারী মোরসালিন ও শাহিন কাদের মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ এক গুচ্ছ ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে তারা পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করতে গিয়ে আরও অন্তত ৭ জন আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের ৭ জনের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও শুক্রবার সকালে ঐ রাস্তা দিয়ে কৃষকরা এবং দেবিনগর গ্রামের কয়েকজন আসার পথে আবারও আক্রমের স্বীকার হলেও আবারো অন্তত ১৫ জন আহত হন।খবর পেয়ে স্থানীয় ফায়ারসার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন এবং ভিমরুলের বাসাটি সেখান থেকে উচ্ছেদ করে।
উপজেলা ফায়ারসার্ভিসের ফায়ারম্যান কাদেরি কিবরিয়া জানান, বৃহষ্পতিবার ও শুক্রবার ঘটনায় তারা ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে। এ সময় আধাঘন্টা রাস্তাটি লকডাউন করে ভিমরুলের বাসাটি উচ্ছেদ করা হয়েছে।তবে স্থানীয়দের ঐ রাস্তাটি আরও কয়েকদিন সর্তকতার সাথে ব্যবহার করার পরামর্শ দেন।
এদিকে ঐ রাস্তা ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে যারা পৌর বাজারের ব্যবসায়ী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাদের জন্য এ রাস্তাটি গুরুত্বপূর্ণ হওয়ায় আতঙ্কে রয়েছেন।
মান্নান কম্পিউটারের সত্তাধিকারী আ: মান্নান জানান, গত ২ দিনে ২৫/২৭ জন ভিমরুলের কামনে আক্রান্ত হয়েছেন। কারবালা পুকুরপাড়টি তাদের চলাচলের গুরুত্বপূর্ন একটি রাস্তা হওয়ায় চলাফেরা নিয়ে শংকায় রয়েছেন।
বাঁশমহল গ্রামের ফরিদ জানান, প্রতিদিন তিনি তার সন্তানদের শহরের স্কুলে নিয়ে যান। দ্রুত এর সমাধান না হলে তার মত এ গ্রামের অনেক অভিভাবক বিপাকে পড়বেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানান, ভিমরুলের কামড়ে আক্রান্ত তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে সেরাজুল ইসলাম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপর দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।



