ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় শাটার কেটে তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে উপজেলার জোতবাজার এলাকায় এ ঘটনা ঘটে। একই রাতে পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো আব্দুর রশীদের হার্ডওয়ারের দোকান, গৌতম কুমারের স্বর্ণের দোকান এবং জয়নাল আবেদীনের কাপড়ের দোকান। ব্যবসায়ীদের দাবি, চোরেরা এসব দোকান থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে গেছে।
হার্ডওয়ার ব্যবসায়ী আব্দুর রশীদ জানান, শুক্রবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। শনিবার সকালে এসে দেখেন দোকানের শাটার কাটা। পরে দোকানের ভেতরে গিয়ে দেখতে পান, ক্যাশবাক্সের তালা ভেঙে প্রায় ৬ হাজার টাকা এবং ৬টি পানির পাম্প চুরি হয়েছে। এছাড়া আরও কিছু মালামাল খোয়া গেছে কি না তা যাচাই করা হচ্ছে।
স্বর্ণ ব্যবসায়ী গৌতম কুমার বলেন, রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। সকালে দোকানে এসে শাটার কাটা দেখতে পান। তার দাবি, চোরেরা দোকান থেকে প্রায় ৩৫ ভরি রুপা ও ১০ আনা স্বর্ণের গহনা নিয়ে গেছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
একইভাবে জয়নাল আবেদীনের কাপড়ের দোকানের শাটার কেটে প্রায় ৪০ হাজার টাকার কাপড় চুরি করা হয়েছে বলে দাবী করেন এই ব্যবসায়ী।
ঘটনার বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’#



