ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্সের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,ইছ সমাজসেবা কর্মকর্তা, জাহাঙ্গীর আরিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মনিরুজ্জামান সোহরাব, চৌডালা চেয়ারম্যান, গোলাম কিবরিয়া হাবিব, গোমস্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান, জামালউদ্দিন মন্ডল, রহনপুর পৌরসভার জন্ম মৃত্যু নিবন্ধক আশিকুর রহমান রিপোর্টার্স ক্লাব সভাপতি, নাহিদ ইসলাম, গোমস্তাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি সালাম তালুকদার, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক, সামিরুল ইসলামসহএনজিও প্রতিনিধিরা।
সভায় উপজেলার সামগ্রিক জন্ম ও মৃত্যু নিবন্ধনের বর্তমান চিত্র তুলে ধরা হয় এবং শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যুর নিবন্ধন করার সুফল সম্পর্কে সচেতন করতে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায়ে ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়। পুরোনো অসম্পন্ন থাকা আবেদনগুলো দ্রুত যাচাই-বাছাই করে নিস্পত্তি করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়। স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মী ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সমন্বয় বৃদ্ধির মাধ্যমে মাঠ পর্যায় থেকে নিখুঁত তথ্য সংগ্রহের ওপর জোর দেওয়া হয়।
নতুন ভর্তির ক্ষেত্রে শতভাগ সঠিক জন্ম সনদ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
”জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের আইনগত অধিকার এবং রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়নের মূল ভিত্তি। কোনো নাগরিক যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হন এবং গোমস্তাপুর উপজেলা যাতে দ্রুত শতভাগ নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে, সেজন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
সভায় বক্তারা বলেন, সঠিক সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন হলে ভবিষ্যতে নানাবিধ নাগরিক সেবা পেতে ভোগান্তি অনেকাংশে কমে যায়। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের এই সময়ে শতভাগ নিবন্ধন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।



