ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাজরামপুর পশ্চিমপাড়া এলাকার ৯ বছর বয়সী শিশু মোহাম্মদ আলী ( আব্দুল্লাহ) মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে রাজরামপুর এলাকার পিয়াস বিশ্বাসের ঘাটে মহানন্দা নদীতে মামা ও খালাতো ভাইয়ের সঙ্গে গোসল করতে নামে আব্দুল্লাহ। একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ আব্দুল্লাহ রাজরামপুর পশ্চিমপাড়া এলাকার মো. শাহাবুল ইসলামের ছেলে। সে স্থানীয় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার পর স্থানীয় লোকজন নদীতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসাইন বলেন, মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক শিশু নিখোঁজের খবর পেয়েছি। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। শিশুটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলমান রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে একাধিক শিশু ও কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।



