ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও সেবার মানোন্নয়ন নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাসনিম হুসাইন আরিফ, চিকিৎসক জয়নাল আবেদীন, স্যানিটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার, স্টোরকিপার মীর দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা।
এসময় বক্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা কার্যক্রম আরও গতিশীল করা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বাস দেন।
সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, নার্স ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


