ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে একাধিক মামলার আসামী শরিফুল ইসলাম (৫০) কে গায়েবী মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে সাংবাদিকের কাছে এমন অভিযোগ করেন আসামীর স্ত্রী বিউটি খাতুন।
গ্রেপ্তারকৃত আসামী উপজেলার পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
অপরদিকে পুলিশ বলেছে, শরিফুলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তদন্ত প্রাপ্তির স্বীকারক্তিতে পুলিশ এ্যাসাল্ট মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আসামীর স্ত্রী বিউটি খাতুন বলেন, গত বুধবার (১৬ জুন) দুপুরে তার স্বামী খাবার খাচ্ছিল। এসময় পুলিশ এসে তাকে আটক করে মারধর করে। পরে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নেই। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে।
তিনি আরো বলেন, তার স্বামী অতীতে খারাপ ছিল। বর্তমানে তার নামে কোন অভিযোগ নেই। চাষাবাদ করে স্বাভাবিক জীবনযাপন করছিল। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, শরিফুলের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ৭টি মামলা রয়েছে। গত ২৮ এপ্রিল শালঘরমধুয়া গ্রামে স্থানীয় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে একজন পুলিশ অফিসার আহত হন। থানায় মামলা হয়। মামলা নং ৪২ (২৮/০৪/২০২১)। তদন্ত প্রাপ্তিতে ঘটনায় জড়িত থাকায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আসামীর পরিবারের আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।


