ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হাসিবুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ জুন) দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে ভেড়ামারা থানা পুলিশ।
নিহত হাসিবুল চুয়াডাঙ্গার দর্শনা থানার বলদিয়া এলাকার মৃত শামছুল ইসলামের ছেলে। তিনি প্রায় দুই মাস যাবত ওই মাজারের আশেপাশে থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, সকাল ১১টার দিকে ভেড়ামারা উপজেলার হযরত শাহ সোলাইমান চিশতীর (রাঃ) মাজার প্রাঙ্গণে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা তার পরিচয় জানতো না। তবে পুলিশ তার নাম-পরিচয় খোঁজ নিয়ে তার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করেন।
তিনি আরও জানান, বেশ কয়েকদিন ধরে ওই ব্যক্তি অসুস্থ ছিলেন বলে স্থানীয়রা জানায়। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


