ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরে সরকারি বিধিনিষেধের তথ্য প্রচার করার সময় হামলার শিকার হয়েছে পুলিশ। এতে একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা।
সোমবার দুপুরে বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) (মিডিয়া) আরফাতুল ইসলাম।
এর আগে রোববার দিবাগত রাতে চান্দগাঁও থানাধীন কবির টাওয়ারের সামনে জানালী হাট রেলস্টেশনের ৮ নং পুলের গোড়া গলির মুখে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ১৫ হলেন, রবিউল আলম (২৭), সুমন প্রকাশ আনিস (২৭), মুছা (৫১), ইয়াছিন (১৯), আবদুল খালেক (৩৮), সৈয়দ আকবর (৪২), খোকন (৪২), ফারুক (৩৩), ভুট্টু (৩৭), ফারুক (৪১), রায়হান (২০), বাদশা (৩২), বশির (৫৩), ইমন (১৯) এবং লিমন (২০)।
এডিসি আরফাতুল ইসলাম জানান, করোনায় সরকারি বিধিনিষেধ ভঙ্গ করে তারা এক জায়গায় জড়ো হয়ে থেমে থেমে মারপিট করছিলো। এ সময় টহল পুলিশের একটি টিম তাদের মাইকিং করে সরে যেতে বললে তারা উত্তেজিতভাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে।
তাদের ছোড়া ইটপাটকেলে চান্দগাঁও থানার উপ-পরিদর্শক জাফর আহাম্মদ গুরুতর আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এডিসি আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংক্রমণ প্রতিরোধ আইন ও সরকারি কর্তব্যকাজে বাধাদান ও হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।


