ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় রনি হাসান (২৪) একজন নিহত হয়েছেন।
শনিবার ভোর ৬টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত রনি হাসান যশোরের চৌগাছা ভাটপাড়া গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, শনিবার ভোরে যশোর থেকে বনপাড়াগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছালে হঠাৎ বিকল হয়ে যায়। তখন চালক রনি হাসান ট্রাক থেকে নীচে নামেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।
তিনি আরও জানান, সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ দূর্ঘটনা ঘটানো ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


