ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় একটি কবরস্থান থেকে রায়হান সম্রাট (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় লাটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত রায়হান সম্রাট উপজেলার ভারশোঁ ইউনিয়নের মশিদপুর গ্রামের হজরতুল্যা মাষ্টারের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে মাঠের লোকজন হোসেনপুর গ্রামের এফতেদায়ী মাদরাসার পশ্চিমপাশে বাক্কার সরদারের কবরস্থানে রায়হানের লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন তারা।
মৃত রায়হান সম্রাটের মা ইসমেতারা জানান, শুক্রবার এশার নামাজের পর ছেলে রায়হান বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর থেকে সে নিরুদ্দেশ ছিল। ছেলের মৃত্যুর বিষয়ে তিনি আর কিছুই জানাতে পারেননি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে রায়হানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


