ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে একটি ফোরকানিয়া মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে দুইজন মহিলাসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আত্রাই থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বড়শিমলা মৎস্যজীবীপাড়া গ্রামে একটি ফোরকানিয়া মাদ্রাসা স্থাপন করা হয়। ওই মাদ্রাসার কমিটি নিয়ে দ্বন্দের জের ধরে গত বুধবার বিকেলে প্রতিপক্ষের আঘাতে মৃত ইনছের আলীর স্ত্রী ওছিমন বেওয়া (৬৮), তার ছেলে সুইট আলী (৩২) ও সুইটের ভাবি কোহিনুর (৩২) আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ব্যাপার সুইট আলী বাদি হয়ে ৫ জনকে আসামী করে গতকাল বৃহস্পতিবার আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সেখানে দুই পক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। এক পক্ষের ৭ জন ও অপর পক্ষের ৩ জন আহত হয়েছেন। দুই পক্ষই অভিযোগ দিয়েছেন। অভিযোগগুলো তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


