ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৩ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের মোস্তফা হোসেনের ছেলে শিশির হোসেন (২০) ও ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার সুবেল মিস্ত্রির স্ত্রী মেহের নিগার (৩০)।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় মিরপুর উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের আটমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভেড়ামারা থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী নিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে আটমাইল নামক স্থানে পৌছালে অপরদিক থেকে দ্রুতগতিতে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিক্সায় থাকা মেহের নিগার নামে এক গৃহবধূর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা দুর্ঘটনায় কবলিত আরও চারজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে কর্তব্যরত চিকিৎসক শিশির নামে আরও যাত্রীকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় সিএনজি ও মাইক্রোবাস জব্দ করে থানায় আনা হয়েছে।


