ধূমকেতু নিউজ ডেস্ক : কিশোরগঞ্জে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ এক এএসআইকে আটক করেছে র্যাব। আটককৃতর নাম এনামূল হক। তিনি জেলার ইটনা থানায় কর্মরত।
বুধবার রাতে কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে যশোদল ইউনিয়নের সিদ্ধেশ্বরী কালীবাড়ী রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, একটি মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা সিদ্ধেশ্বরী রেলগেট এলাকা থেকে এএসআই এলামূল হককে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৮৫০ ইয়াবা জব্দ করা হয়। রাতেই তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান কিশোরগঞ্জ মডেল থানায় কথা বলতে বলেন।
কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম জানান, এএসআই এনামূল হক ইয়াবাসহ আটক হয়েছে বলে র্যাব জানিয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা জানান, এনামুল দীর্ঘ আড়াই মাস মেডিকেল ছুটিতে ছিলেন। ছুটি শেষের পর বর্তমানে তিনি শাস্তিমূলক ছুটিতে রয়েছেন। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায়।


