ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘিতে মাটি ভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নুর ইসলাম (২৯) নামের এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
নিহত নুর ইসলাম নওগাঁর বদলগাছী উপজেলার চক আবির গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সান্তাহার পৌর শহরের বাইপাস তিনমাথা মোড়ে হামিম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
পুলিশ ও স্থানিয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাইসাইকেল আরোহী নুর ইসলাম উপজেলার সান্তাহার পৌর শহরের মাছের আতৎ থেকে পাতিলে মাছ নিয়ে বদলগাছী ফিরছিলেন।
এ সময় সান্তাহার বাইপাস তিনমাথা মোড় এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা মাটি ভর্তি ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে মারা যান। ঘটনার পর ট্রাক্টর রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত এবং ইউডি মামলার জন্য প্রস্তুতি চলছে।


