ধূমকেতু নিউজ ডেস্ক : ইকুয়েডরের রাজধানী ও এর আশাপাশের এলাকায় বন্যায় সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১১ জনের প্রাণহানী হয়েছে। গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়ানক বন্যায় সোমবার ভূমিধসে আহত হয়েছেন ৩২ জন।
ইকুয়েডরের কর্তৃপক্ষের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্রবল বন্যার স্রোতের সঙ্গে রাজধানী শহর কুইটোয় পাথর ও কাদা ভেসে আসে; ভাসিয়ে নিয়ে যায় গাড়ি, ঘরবাড়ি।
সূত্র জানায়, প্রবল বর্ষণের পর পিচিঞ্চা আগ্নেয়গিরির পাদদেশ থেকে বন্যার পানি রাজধানী শহরে ছড়িয়ে পড়ে।
কুইটো শহরের মেয়র সান্তিয়াগো গার্ডেরাস বলেন, গত শনি থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হয়েছে। শনিবারে প্রতি স্কয়ার মিটারে ৩ দশমিক ৫ লিটার বৃষ্টিপাত হয়েছে। কিন্তু সোমবার তা ৭৫ লিটার (প্রতি স্কয়ার মিটার) হয়।
তিনি বলেন, এটা একটা রেকর্ড। কারণ, ২০০৩ সালের পর এ ধরনের বৃষ্টি দেখা যায়নি।
বন্যায় অনেক স্থানে বৈদ্যুতিক থাম উপড়ে গেছে। এতে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রসঙ্গত, গত অক্টোবরের পর থেকে ইকুয়েডরের ২৪ প্রদেশের মধ্যে ২২টিতেই প্রবল বর্ষণ হয়েছে। এতে সব মিলিয়ে প্রাণ গেছে ১৮ জনের।


