ধূমকেতু নিউজ ডেস্ক : আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। বুধবার (৪ মার্চ) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট একটি মার্কিন এফ-১৫ ঈগল যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং সেটি ভূপাতিত হয়। তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে সোমবার (২ মার্চ) ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাদেম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার দাবি করে, দেশটির স্থানীয়ভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া যুদ্ধবিমান এবং পাইলটদের ইজেকশন সংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।
ইরানের সশস্ত্র বাহিনী আরও জানায়, সোমবার সকালে ইরান-কুয়েত সীমান্তবর্তী আকাশসীমায় পরিচালিত এক অভিযানে একটি মার্কিন এফ-১৫ গুলি করে নামানো হয়। এ ঘটনায় কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে বলে দাবি করা হয়েছে।
তবে পুরো ঘটনার বিষয়ে এখনো স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এমন দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।


