ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা টানা একাদশ রাতের মতো ইরানের বিরুদ্ধে আকাশ হামলা চালিয়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোতে ‘ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা আরও কমানোর’ লক্ষ্যে এসব হামলা চালানো হয়েছে।
এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ইরানের স্থানীয় সময় বুধবার ভোররাতে মার্কিন বাহিনী ‘ইরানের সামরিক অভিযান কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোনের গুদাম ও সামরিক সরবরাহ অবকাঠামোতে’ হামলা চালিয়েছে।
প্রায় ৭৫ মিনিট ধরে এসব হামলা চালানো হয়েছে আর এদিনের মতো অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে তারা।
তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, ইরানের রাজধানীজুড়ে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে আর তেহরানের বিভিন্ন এলাকায় এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় ছিল।
ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর কিছু অংশে, সিরিক শহরের আশপাশে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর বার্তা সংস্থা ফার্সকে জানিয়েছেন, বেহবাহান ও ওমিদিয়েহ শহরের নিকটবর্তী এলাকাগুলোকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যস্থল করা হয়।



