ধূমকেতু নিউজ ডেস্ক : ইউরোপীয় চলচ্চিত্র উৎসব (ইইউএফএফ) -২০২৫ শুরু হচ্ছে আজ শনিবার (২২ নভেম্বর) থেকে। এটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরের আলহামরা আর্ট সেন্টারে। ওলোমোপোলো মিডিয়ার তত্ত্বাবধানে আয়োজিত এই উৎসবটি এ নিয়ে চতুর্থবারের মতো পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে।
ইসলামাবাদ, করাচি ও লাহোর – তিন শহরের দর্শকদের জন্য এটি শুধু চলচ্চিত্র দেখা নয়, ইউরোপীয় সংস্কৃতি, সৃজনশীলতা ও দর্শন-চিন্তার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ এনে দিচ্ছে। উৎসবের আয়োজন করছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল।
ইসলামাবাদে ৭ ও ৮ নভেম্বর পাকিস্তান জাতীয় শিল্পললিতকলা পরিষদে উদ্বোধন হওয়ার পর করাচিতে অনুষ্ঠিত হয় উৎসবের দ্বিতীয় পর্ব। এবার ২২ ও ২৩ নভেম্বর লাহোরে হবে চূড়ান্ত আয়োজন। দুই দিনে থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, ইন্টারঅ্যাকটিভ ইনস্টলেশন এবং সরাসরি পরিবেশনা।
আলহামরার তৃতীয় হল, আদাবি বৈঠক এবং খোলা আঙিনা- তিন জায়গাজুড়ে আয়োজন হবে উৎসবের নানা কার্যক্রম। প্রথম দিন থাকবে নাট্যপাঠ, দ্বিতীয় দিন আয়োজন করা হবে লাহোরের শিল্প-সাহিত্যপ্রেমী মানুষের দীর্ঘদিনের ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরে সামাজিক নাচের আয়োজন।
উৎসবে দেখা যাবে বিভিন্ন অভিজ্ঞতামূলক প্রদর্শনী। ‘ওয়াল অব ফেম’-এ শত বছরের ইউরোপীয় চলচ্চিত্রের ইতিহাস তুলে ধরা হবে ২৪ জন উল্লেখযোগ্য ব্যক্তিত্বের চোখ দিয়ে। থাকবে ইন্টারঅ্যাকটিভ অংশগ্রহণের সুযোগও। যেমন ‘অটর ইগো’, ‘হিউম্যান স্লট গেম’ এবং ‘৩৬০° ক্যামেরা’। শিশুদের জন্য থাকবে ‘কিডস কর্নার’, আর পাঠপ্রেমীদের জন্য ‘রিডিং নুক’।
উৎসবের প্রাণ বাড়াবে ছবি তোলার বুথ ও নানা ধরনের খাবারের স্টল। আয়োজকরা বলছেন, এখানে দর্শক শুধু সিনেমা দেখবেন না সিনেমার ভেতরে থাকা গল্পের জগতে প্রবেশের অভিজ্ঞতা পাবেন।
এই আয়োজন সবার জন্য উন্মুক্ত ও উপভোগ করা যাবে বিনামূল্যে।


