ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘায় দুই জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) চন্ডিপুর গ্রামের আবু সাঈদ (২৬) নামের একজনের ও রোববার (২ জুলাই) ঢাকাচন্দ্রগাথি গ্রামের বাপ্পু রহমান নামের আরও ১ জনের শরীরে ডেঙ্গুর অস্তিত্ব শনাক্ত করা হয়েছে।
এ মাসের ৪ তারিখ পর্যন্ত ৬ জনের ডেঙ্গু এনএসআই পরীক্ষায় ২জনের পজিটিভ ধরা পড়ে। গত মাসে পরীক্ষা করা হয়েছিল ১৬ জনের। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, বাপ্পু রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও আবু সাঈদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বাপ্পু রহমানের বাবা সাহেদ আলী জানান, তার ছেলে মুনসিগঞ্জ এলাকায় পল্লী বিদুৎ অফিসে কর্মরত ছিল। জ্বর নিয়ে বাড়িতে আসার পর ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
আবু সাঈদ জানান, পাবনায় এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে গিয়ে রাতে মশারি ছাড়াই ঘুমাচ্ছিলেন। সেখানে মশার উপদ্রব ছিল। কোন ধরনের মশা বুঝতে পারেননি। সেখান থেকে ফিরে আসার পর জ্বর দেখা দেয়। প্রাথমিকভাবে ঔষধ সেবন করেও কাজ হচ্ছিলনা। পরে রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশাদুজ্জামান (আশাদ) বলেন, গত ৪ দিনে ৬ জনের ডেঙ্গু পরীক্ষায় ২ জনের ডেঙ্গু শনাক্তের বিষয়টি উদ্বেগের। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে। শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি নজর রাখতে হবে। সামান্য অসচেতনতা বড় বিপদের কারণ হতে পারে। কোনো অস্বাভাবিকতা দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্তদের সব ধরণের চিকিৎসার ব্যবস্থা রয়েছে।


