ধূমকেতু প্রতিবেদক : বিপুল পরিমান জিহাদি বইসহ জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ-বাংলাদেশ (হুজি-বি) এর রাজশাহী-খুলনার আঞ্চলের কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল (৪১) ও নব্য সদস্য আব্দুল আজিজ ওরফে নোমানকে (২৩) গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের একটি বিশেষ টিম।
মঙ্গলবার সকালে রাজশাহীর মতিহার থানার খড়খড়ি বাজার এলাকা থেকে নগর পুলিশের একটি বিশেষ টিম তাদের গ্রেপ্তার করে। ইব্রাহিম খলিল যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে ও নোমানের বাড়ি নোয়াখালির কোম্পানীগঞ্জ থানার মোশারফ মঞ্জিল গ্রামে। তার বাবার নাম আবদুল হালিম।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নগর কমিশনার আবু কালাম সিদ্দিক এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তাকৃতরা কাশিমপুর কারাগারে থাকা হুজি নেতা আতিকুল্লাহ ওরফে জুলফিকার নির্দেশনায় সংগঠনকে পূনর্গঠনের কাজ করে যাচ্ছিলেন। তারা আতিকুল্ললাহ হুজি নেতা মুফতি হান্নানের অন্যতম সহযোগী। ইব্রাহিম খলিল ও নোমানের কাছে বিপুল পরিমাণ জিহাদী বই পাওয়া গেছে। এখান থেকে অনুমান করা যায়, সংগঠনকে শক্তিশালী করতে তারা কাজ করছিলেন। অটোরিকশায় যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এদের সঙ্গে আরও চারজন ছিলো। তারা পালিয়েছেন। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ কমিশনার আরও জানান, দুবাই থেকে আসা টাকায় হুজির সদস্যরা তাদের সংগঠনের কারাবন্দী সদস্যদের জামিন করার চেষ্টা করছেন। এদের ব্যাপারে পুলিশের গোয়েন্দা নজরদারি আছে। পুলিশ হেডকোয়ার্টার্স এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) সহায়তায় আরএমপির একটি বিশেষ টিম খড়খড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে ইব্রাহিম খলিল ও নোমানকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।


