ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে দুই ভাইয়ের তিনটি দোকানঘর জোর করে দখলের ঘটনায় মামলা হয়েছে। জায়গা জমিকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে নগরীর হড়গ্রাম বাজারের খান গার্মেন্টসের তিনটি দোকান জোরপূর্বক তালা মারার অভিযোগে এনে নগরীর রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন করেন নাহিদ খান নামে এক ব্যক্তি।
নাহিদ খান ভুক্তভোগিদের চাচা ভাই বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় ৫জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন, নগরীর হড়গ্রাম মুন্সিপাড়া এলাকার হুমায়ুন কবীর খান, আতিকুর রহমান, নিহাম খান, মাহিম, আবির রহমান।
মামলা সূত্রে জানা গেছে, নগরীর হড়গ্রাম বাজারে বিসমিল্লাহ খান বিলাস ও মেহেদী হাসান খান সিজানের তিনটি দোকানঘর রয়েছে। গত ৩ আগস্ট হড়গ্রাম মুন্সিপাড়া এলাকার হুমায়ুন কবীর খান, আতিকুর রহমান, নিহাম খান, মাহিম, আবির রহমানসহ বেশ কিছু লোকজন বিকেল সাড়ে ৩টার দিকে ওই দোকানঘরে তালা ঝুলিয়ে দেয়। পরের দিন ৪ আগস্ট বিষয়টি দোকানের মালিক বিসমিল্লাহ খান বিলাস ও মেহেদী হাসান খান সিজান প্রতিপক্ষের কাছে বিষয়টি জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়ে মারপিট করে আহত করে।
এরপর ৯ আগস্ট পুনরায় তারা দোকান মালিক দুই ভায়ের উপর হামলা করে। এসময় তারা চিৎকার দিলে তাদের বাবা ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধারের চেষ্টা করলে প্রতিপক্ষ তাদেরও মারপিট করে আহত করে। মারপিট করার পর তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে যান। বর্তমান প্রতিপক্ষদের ভয়ে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করা হয়েছে।
এব্যাপারে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, ওই ঘটনায় নাহিদ খান অনিক নামে একজন মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


