ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। নীরবে, নিঃস্বার্থভাবে তিনি হয়ে উঠেছেন অসহায় মানুষের ভরসার ছায়া।
সম্প্রতি তার উদ্যোগে উপজেলার বিভিন্ন দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় নিত্যপণ্যের ব্যবস্থা করে তিনি প্রমাণ করেছেন—দায়িত্ব শুধু প্রশাসনিক নয়, মানবিকও।
৩০ মার্চ দুপুর ২ টার সময় মাই পাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে জুয়েল উদ্দিন এর পাশে আবারও মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, অসহায় বৃদ্ধ, প্রতিবন্ধী ও দিনমজুর পরিবারগুলোর খোঁজখবর নিয়মিত রাখছেন তিনি। কারো ঘরে খাবার নেই, কারো চিকিৎসার টাকা নেই এমন খবর পেলেই দ্রুত ব্যবস্থা নিচ্ছেন। অনেকেই তার এই উদ্যোগকে “মানবিক প্রশাসনের বাস্তব উদাহরণ” হিসেবে উল্লেখ করছেন।
শুধু সহায়তা নয়, মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা এবং তা সমাধানে আন্তরিক প্রচেষ্টা তাকে সাধারণ মানুষের কাছে আরও আপন করে তুলেছে। ফলে পুঠিয়ার মানুষ এখন প্রশাসনকে শুধু ক্ষমতার কেন্দ্র হিসেবে নয়, সহানুভূতির আশ্রয় হিসেবেও দেখতে শুরু করেছে।
এমন মানবিক কর্মকাণ্ড নিঃসন্দেহে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রশাসনের এই দায়িত্বশীল ও হৃদয়বান ভূমিকা অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল। মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সেবা আর সেই সেবার উজ্জ্বল উদাহরণ হয়ে রয়েছেন পুঠিয়ার ভূমি কর্মকর্তা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, আমি চেষ্টা করি আমার দায়িত্ববান জায়গা থেকে মানুষকে সঠিক সেবা দেওয়ার এবং সমাজের যারা অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর। সকল ধর্মে আছে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত থাকলে পরম করুণাময় সৃষ্টিকর্তাও আমাদের ভালো রাখবেন। তাই আমরা সকলেই সকলের দায়িত্ববান জায়গা থেকে সমাজের পিছিয়ে পড়া সকল স্তরের মানুষের পাশে দাঁড়ানো দরকার বলে আমি মনে করি।


