ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় এক নারীকে নিয়মিত উত্ত্যক্ত, কুপ্রস্তাব ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে পুঠিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া আকতার মেম্বারের মোড় এলাকার ৩০ বছর বয়সী ওই নারীকে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছেন। এছাড়াও তিনি আরো বলেন অভিযুক্তরা তাঁর চলাফেরা লক্ষ্য করে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করেন, অশ্লীল কথা বলেন এবং তাঁর বাড়ির জানালার আশপাশে ঘোরাঘুরি করে উঁকিঝুঁকি দেন। একপর্যায়ে তাঁকে সরাসরি কুপ্রস্তাবও দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, ওই প্রস্তাবে রাজি না হলে রাতের আঁধারে জোরপূর্বক ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করায় অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছ বলে দাবি করেছেন ওই নারী।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার ২০ আগস্ট বিকেল ৪ টার দিকে অভিযুক্ত পাঁচ ব্যক্তি ওই নারীকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আবারও কুপ্রস্তাব দেন। এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি প্রত্যক্ষ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নারী বলেন, অভিযুক্তদের কর্মকাণ্ডে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। যেকোনো সময় তাঁদের ওপর হামলা, মারধর কিংবা বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও তিনি আশঙ্কা করছেন।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন ওই নারী।
উক্ত বিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন গত ২০ ২০ আগস্ট থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত চলছে তদন্ত শেষে আইনের ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী নারীর নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে তিনি আরো জানান, নিরাপত্তা জনিত কোন সমস্যা বা জটিলতা থাকে তাহলে আমরা সেই স্থানে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানা।



