ধূমকেতু প্রতিবেদক : বসত বাড়ি উচ্ছেদ করে কাঁচা বাজার স্থাপনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় হড়গ্রাম এলাকার স্থানীয় বাসিন্দারা নগরীর জিরোপয়েন্টে এ মানববন্ধন করে। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে নগরীর হড়গ্রাম এলাকার নারী, পুরষ, বৃদ্ধসহ সকল বয়সের মানুষ হাতে নানা শ্লোগান সম্বলিত প্লে-কার্ড নিয়ে প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তরা বলেন, মানুষের বসবাসের জায়গা দখল করে হড়গ্রাম এলাকায় যে কাঁচাবাজার স্থাপনের সিদ্ধান্ত হয়েছে তা আত্মঘাতিমুলক। রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা ও ওয়ার্ড কাউন্সিলর রজব আলী স্থানীয়দের সাথে আলোচনা না করেই ওই স্থানে কাঁচা বাজার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এতে এক দিকে মানুষ যেমন বাসস্থান হারাবে, অন্য দিকে চরম ক্ষতির মুখে পড়বে হড়গ্রাম এলাকার সাধারণ মানুষ। উচ্ছেদ অভিযান চালানো হলে ওই এলাকার অন্তত ৫০ থেকে ৬০টি বাড়ি ও অর্ধশতাধিক দোকানপাট ভাঙ্গা পড়বে। এতে এক হাজারেরও বেশি পরিবার পথে বসবে। মানববন্ধনে বক্তরা আরো বলেন, হড়গ্রাম এলাকায় অনেক ফাঁকা জায়গা আছে যেখানে বাজার স্থাপন করা হলে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় থেকে রক্ষা পাবে।
হড়গ্রাম এলাকায় বাজার স্থাপন করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও মানববন্ধনে হুশিয়ারী দেন বক্তরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা, কলামিষ্ট মোস্তাফিজুর রহমান খান, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আনোয়ারুল হক, আসক ফাউন্ডেশনের সভাপতি সালাউদ্দিন পিন্টু, স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বাচ্চু, শফিকুল ইসলামসহ হড়গাম এলাকায় ব্যক্তিবর্গ।


