ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের দমদমা গ্রামে বাড়ির বারান্দা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। সোমবার (০৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের দমদমা গ্রাম থেকে এলাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ হাসিনা বিবি (৩৯) দমদমা গ্রামের সাজ্জাদ হোসেন সাজুর ২য় স্ত্রী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রতিদিনের মত রাজমিস্ত্রির কাজে বেরিয়ে যান সাজ্জাদ হোসেন সাজু। যেখানে কাজ করছিলেন তিনি সেখান থেকে ঝাঁকা নিতে বাড়িতে এসে বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্ত্রী হাসিনা বিবিকে। পরে লোকজন ডাকাডাকি করলে প্রতিবেশিরা এগিয়ে এসে পুলিশে খবর দেন। স্থানীয়দের দেয়া খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেন।
সাজুর প্রথম স্ত্রী ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে কয়েক বছর আগে মারা যান। প্রথম পক্ষের ৮ বছরের একটি মেয়ে রয়েছে তাঁর। ২ বছর আগে সাজুর সঙ্গে হাসিনার বিয়ে হয় বলে জানা যায়।
পুরো বাড়ি জুড়ে শুধু মাত্র সাজুর বৃদ্ধ মা ও ২য় স্ত্রী হাসিনাকে নিয়ে বসবাস করতেন সাজু। বৃদ্ধ মা আলাদা হওয়ায় তাঁর মা বাড়ির পাশে চুল বাছা কাজ করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার সময় তাঁর মা বাড়িতে ছিলেন না, তিনি চুল বাছার কাজ করছিলেন বলে জানা যায়।
এদিকে নিহত হাসিনার বাবা মতিউর রহমান ও তাঁর ভাই মিঠুন এর দাবি তাঁর বোন আত্মহত্যা করেন নি বরং তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে সাজ্জাদ হোসেন সাজু। এঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই আজহার জানান, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করি। সুরত হাল দেখে এখনই বলা সম্ভব না এটা হত্যা নাকি আত্মহত্যা। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে সব পরিষ্কার হবে।


