ধূমকেতু প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের জনসাধারণ।

দিবসের প্রথম প্রহর থেকেই রাজশাহী কলেজের শহীদ মিনারসহ নগরীর বিভিন্ন শহীদ মিনার ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরই অংশ হিসেবে রোববার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।

এর পূর্বে ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ স্লোগানকে সামনে রেখে ভাষা শহীদের স্মরণে রাজশাহী কলেজ থেকে একটি র্যালী বের করা হয়।

র্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রদক্ষিণ শেষে পুনরায় রাজশাহী কলেজ শহীদ মিনারে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হবিবুর রহমানসহ শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা।

এদিকে, উইমেন চেম্বার অব কমার্সের পক্ষ থেকে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।



