ধূমকেতু প্রতিবেদক : প্রবীণ রাজনীতিবিদ ও ভাষা সৈনিক আবুল হোসেন আর নেই। বুধবার (৩১ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশর কমিউনিস্ট পার্টি রাজশাহী জেলা কমিটি এক বিবৃতিতে গভীর শোক জ্ঞাপন করেছে।
বুধবার বিকেল ৬টায় সিপিবি রাজশাহী জেলা কমিটির সভাপতি কমরেড এনামুল হক ও সাধারণ সম্পাদক কমরেড রাগিব আহসান মুন্না যুক্ত বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, প্রগতিশীল চিন্তার অন্যতম পুরোধা ব্যাক্তিত্ব, বাংলাভাষা আন্দোলনের সামনের সারির নেতা আমাদের এই অঞ্চলের প্রবীণ রাজনীতিবিদ আবুল হোসেন তাঁর বাসভবনে মৃত্যুবরণ করেছেন। প্রয়াত এই নেতা ছিলেন এই অঞ্চলের দলমত নির্বিশেষে সকলের অভিভাবক। তাঁর মৃত্যু প্রগতিশীল অঙ্গনে ব্যাপক শূন্যতার সৃষ্টি করলো। আমরা পিতৃতুল্য এক বন্ধুকে হারালাম।
নেতৃবৃন্দ আরো বলেন, আমরা তাঁর স্মৃতির প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা নিবেদন করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহ-মর্মিতা জ্ঞাপন করছি।


