ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৪৪৫ বোতল দেশী মদসহ সুমন হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। রোববার (১১ এপ্রিল) দিবাগত রাতে এয়ারপোর্ট থানার ভোলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
সোমবার (১২ এপ্রিল) সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার সুমন নগরীর বোয়ালিয়া থানার শেখেরচক এলাকার মৃত রাজিব হোসেনের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুমন নামের এক ব্যক্তি অটোরিকশায় করে দেশী মদ নিয়ে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল মহানগরীর এয়ারপোর্ট থানার ভোলাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ দেশী মদসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এছাড়া এসময় পরিবহণ কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
এ নিয়ে এয়ারপোর্ট থানায় তার বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। সোমবার সকালে থানা পুলিশ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।


