ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে লকডাউনের প্রথম দিনের পর থেকে পুলিশের কিছুটা শিথিলতা দেখা যায়। ফলে রাস্তাতে মানুষজন ও যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছিলো। মঙ্গলবার আবারো পুলিশ হঠাৎ করে তৎপর হয়ে উঠে। বিভিন্ন মেইন রাস্তায় বের হওয়ার গলিগুলাতে পুলিশ ইমা গাড়ীসহ বিভিন্ন গাড়ী দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এতে অবশ্য জরুরী প্রয়োজনে বের হওয়া মানুষরা কিছুটা সমস্যায় পড়ে। তবে গাড়ীর ক্ষেত্রে পুলিশের তৎপরতা থাকলেও বিভিন্ন দোকানপাট খোলা ছিলো যথারিতি।
সরেজমিনে মহানগরী ঘুরে দেখা গেছে, ৭ম দিনে এসে হঠাৎ করেই লকডাউন আরো কড়া হয়ে যায়। এদিন মাঠে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করে। সার্বক্ষনিক তদারকি করার জন্য আরএমপির উধ্বর্তন কর্মকর্তারাও মাঠে দায়িত্ব পালন করে। মঙ্গলবার সকাল থেকেই নগরজুড়ে মহানগর পুলিশের সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান নেয়। অটোরিক্সাতো দূরের কথা অনেক স্থানে রিক্সা চলতেও বাধা দেয়া হয়েছে ও রিক্সার হাওয়া ছেড়ে দিতে দেখা গেছে। রিক্সার হাওয়া ছেড়ে দেওয়ায় বিপাকে পড়েন চালকরা। কারণ লকডাউনের মধ্যে তেমনভাবে মেকানিকের দোকান খোলা নেই। এ নিয়ে রিক্সা চালকদের অভিযোগের শেষ নেই। এদিকে, গলি রাস্তার মুখে পুলিশের পিকআপ দিয়ে ব্যারিকেট দিতেও দেখা যাচ্ছে।

নগরীর উপশহর, সপুরা, বর্ণালীর মোড়, লোকনাথ স্কুলের সামনে, রাজারহাতা, জিরোপয়েন্ট, সাগড়পাড়া, হাদির মোড়, সাধুর মোড়, বিলসিমলা, ঝাউতলা, চন্ডিপুরসহ বিভিন্ন পাড়া মহল্লার রাস্তায় পুলিশ গাড়ী দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে। যাতে গলির মধ্যে দিয়ে কেউ গাড়ী নিয়ে বের হতে না পারে। পুলিশের গাড়ী দিয়ে রাস্তা ব্যরিকেডের ঘটনায় কিছুটা ভোগান্তীতে পড়ে জরুরী প্রয়োজনে বাইরে বের হয়ে আসা মানুষজন। হেটে হেটে অনেককে গন্তব্যে যেতে দেখা যায়।
মহানগর মেট্রোপলিটন পুলিশের আওতামুক্ত এলাকার মূল মূল স্থানে পুলিশ লকডাউন কার্যকরে গাড়ী, অটোরিকশা, রিকশা বিষেয়ে তৎপর থাকলেও পাড়া-মহল্লায় অন্যান্য দিনগুলোর মতোই মানুষের আনাগোনা ছিল ও দোকানপাট খোলা ছিলো। যথারীতি কাঁচা বাজারেও শরীরে শরীর ঠেকিয়ে মানুষকে কেনাকাটা করতে দেখা যায়। দোকানি ও ক্রেতা অনেককেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। বিশেষ করে বিক্রেতারা কখনোই স্বাস্থ্যবিধি মানে না। ক্রেতাদের মধ্যেও সামাজিক দূরত্বের বালাই দেখা যায়নি। মুখে কারো কারো মাস্ক থাকলেও অনেককেই মাস্কবিহীন দেখা গেছে। সচেতন মানুষরা বলছেন, কাঁচা বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলা কার্যকর না করতে পারলে সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

নগরীর মাষ্টার পাড়ায় বাজার করতে আসা শাকিল বলেন, বাজার করার পর বাজারের ভারি ব্যাগ নিয়ে রাজশাহী কলেজের সামনে পর্যন্ত হেটে যেতে হচ্ছে। পুলিশের বাঁধার কারণে গাড়ীতে উঠতে পারছিনা। ভারী বাজারের ব্যাগ নিয়ে এতদুর হেঁটে এসে গাড়ীতে উঠা কি সম্ভব।
বাজার করতে আসা নজরুল জানান, আমি বয়স্ক মানুষ। আমার সন্তানরা বাইরে থাকে। বাধ্য হয়ে আমি বাজার করতে বের হয়েছি। কিন্তু বাজারে আসতে আমাকে পথে পথে বাধা পেতে হয়েছে। রিকশা যদি চলতে না দেয় তাহলে আমরা বাজার বা অন্যান্য প্রয়োজনীয় কাজ কিভাবে সারবো। রিকশা না চলতে দিলে বাজারসহ অনান্য প্রয়োজনীয় জিনিষ বন্ধ করে দেয়া হোক।
মহানগর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, লকডাউন কার্যকর ও কঠোরভাবে পালন করার জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার পুলিশ সদস্যদের পাশপাশি উধ্বর্তন কর্মকর্তারাও মাঠে দায়িত্ব পালন করেন। হঠাৎ এত কড়াকড়ি কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লকডাউন কার্যকরের জন্যই কড়াকড়ি করা হয়েছে। লকডাউন শেষ পর্যন্ত পুলিশের এমন পদক্ষেপ চলমান থাকবে।


