ধূমকেতু প্রতিবেদক : বর্তমানে চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। আর বর্তমানে চলছে কড়া লকডাউন। দেশের অন্যান্য জেলার ন্যায় রাজশাহীতেও চলছে কড়া লকডাউন। আর এ কড়া লকডাউনের কারণে রাজশাহীতেও অনেকে হারিয়েছেন তাদের কর্ম। এদর মধ্যে বেশির ভাগ নিম্ন আয়ের মানুষ। শ্রমজীবী ও রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষগুলো পরিবার-পরিজন নিয়ে নিদারুণ কষ্টে দিন যাপন করছেন। আর রাজশাহীতে এসব নিম্ন আয়ের ২ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, সরকারি উদ্যোগে রাজশাহী জেলায় দুই লাখ পরিবারের মধ্যে ৯ কোটি টাকা বিতরণ করা হবে। শিগগিরই এ সরকারি অর্থ সহায়তা দেওয়া শুরু করা হবে।
গত বছর লকডাউন শুরু পর থেকে সরকারি ত্রাণ চালু হয়। এছাড়া সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে প্রচুর ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লকডাউন ঘোষণা করা হলেও ত্রাণ বিতরণ শুরু হয়নি। ত্রাণসামগ্রী বিতরণে বেসরকারি পর্যায়েও কেউ সেভাবে এগিয়ে আসছেন না। ফলে চারিদিকে খাদ্যপণ্যের সঙ্কট তৈরি হয়েছে। নিম্ন আয়ের মানুষ বাধ্য হয়ে সড়কে নামছেন।
তবে ত্রাণের বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল জানান, ‘চলতি মাসে দুস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ) এবং নগদ অর্থ সহায়তা (জি আর) হিসেবে পুরো রাশাহী জেলার জন্য মোট ৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। এ টাকা সিটি কপোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা এলাকায় দরিদ্রদের মধ্যে দেওয়া হবে। এরই মধ্যে টাকাগুলো ভাগ করে দিয়েছে। সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভা পর্যায়ে এখন তালিকা প্রণয়ন করা হচ্ছে। তালিকা হয়ে গেলেই এ অর্থ বিতরণ শুরু হবে। এছাড়া ঈদের আগে আরও একটি বরাদ্দ পাওয়া যাবে।’
এছাড়া লকডাউন দীর্ঘায়িত হলে সরকারি ত্রাণ সহায়তাও শুরু করা হবে। সরকার সব পরিস্থিতিতে জনগণের পাশে আছে। প্রয়োজন যতই তৈরি হোক, সরকার তা পূরণ করবে। এ সময় সবাইকে ধৈর্যের সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য আহ্বান জানান রাজশাহী জেলা প্রশাসক।


