ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৬৫০ গ্রাম হেরোইনসহ ইমন আলী (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইমন রাজশাহী জেলার মতিহার থানাধীন ললিতাহার এলাকার জমসেদ আলীর ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ইমনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০১টি মোবাইল, ০১টি সীমকার্ড, ও ০১টি মেমোরিকার্ড জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


